ভাঙ্গায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন। নেপথ্যে সমকামিতা। ঘাতক বন্ধু র‍্যাবের হাতে আটক।


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৮/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্ৰামে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। খুনের নেপথ্যে রয়েছে দুই বন্ধুর সমকামিতা। খুন হওয়া বন্ধু রেদোয়ান শেখের(২৫) অর্ধগলিত লাশ রোববার (১৭ই আগস্ট) দুপুরে তুজারপুরের চতলার বিলের মধ্যে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। উদ্ধারের ৩ ঘন্টার মধ্যেই র‍্যাব-১০ এর একটি দল ঘাতক বন্ধু জহিরুল ইসলামকে(২৭) ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্ৰামে থেকে আটক করে খুনের রহস্য উন্মোচন করে। এসময় খুনে ব্যবহৃত ছুরি সহ বেশ কয়েকটি দেশিও অস্ত্র উদ্ধার করে। তার দেওয়া স্বীকারোক্তিতে র‍্যাব রাতেই খুন হওয়া রেদোয়ান শেখের ব্যবহৃত মোটরসাইকেল মানিব্যাগ উদ্ধার করে।
আজ সোমবার(১৮ই আগস্ট) সকালে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র‍্যাব-১০ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিগত ২ বছর যাবৎ দুই বন্ধুর মধ্যে সমকামীতার ঘটনা ছিল। ঘটনার দিন (১৩ই আগস্ট) সদরপূর থেকে রেদোয়ান মোটরসাইকেল যোগে তার বন্ধু ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্ৰামে তার বন্ধু জহিরুল ইসলামের বাড়িতে আসে। তার ঘরেই দুই বন্ধুর সমকামীতা নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে ঘাতক বন্ধু জহিরুল ইসলাম একটি ছুরি দিয়ে রেদোয়ান শেখের গলায় আঘাত করে। এতে রেদোয়ান শেখ অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায়। ঘাতক জহিরুল ইসলাম লাশটি বাড়ীর পাশে পুকুরের মধ্যে ফেলে দেয়। এরপর ঘাতক জহিরুল স্বাভাবিক জীবন যাপন করতে থাকে ও ঘন ঘন পুকুরের দিকে নজর রাখে। ২ দিন পর লাশ ভেসে উঠলে ঘাতক জহিরুল ইসলাম লাশটির পেট কেটে লাশের সাথে বালির বস্তা বেঁধে পাশ্ববর্তী চতলার বিলের মধ্যে রেখে আসে। এর ২ দিন পর রোববার সকালে লাশটি পুনরায় ভেসে উঠলে ও পচা দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর নজরে পড়ে। লাশের সংবাদ ভাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ রোববার দুপুরে লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গত ৪ দিন আগে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের সৌদী আরব প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান নিখোঁজ হয়। রেদোয়ান শেখ গাজীপুরে একটি বেসরকারী কলেজের বি,এস,সি শিক্ষার্থী বলে জানা গেছে। নিখোঁজের সময় রেদোয়ান শেখের সাথে একটি মোটরসাইকেল ও আইফোন ছিল। রেদোয়ান নিখোঁজের পর তার মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে,যার নম্বর ৫৪৯। ১৩/৮/২০২৫ তারিখ রাত ১০.৪৫ মিনিটে।
গতকাল (১৭ আগষ্ট) রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া বিলের মধ্যে একজন অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় । নিহতের শরীরের গলা, হাত, পেট ও পা কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করি। পরবর্তীতে সদরপূর থানার সাধারণ ডায়রি ও রেদোয়ান শেখের পরিবারের শনাক্ত এবং পিবিআইয়ের সহায়তায় রেদোয়ান শেখের লাশ শনাক্ত করা হয়।
এঘটনায় নিহত রেদোয়ানের মা রাবেয়া বেগম বাদী হয় রোববার রাতেই ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সন্তানের খুন হওয়ার সংবাদ পেয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন রেদোয়ান শেখের পিতা শেখ আবু বক্কর। শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে রেদওয়ান শেখের হত্যাকাণ্ডের ব্যাপারে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।