ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার খাদে। ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী সহ আহত-৪


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৭/০১/২০২৬

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী ট্রেন লাইনের ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার পানিভর্তি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ৫০ ফুট নিচে খাদে পড়ে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলো, সিটি ব্যাংক ঢাকা শ্যামল শাখার কর্মকর্তা
সঞ্জীব ঘোষ, ঢাকার ব্যবসায়ী মেহেদী আল আমিন, ভাঙ্গার ব্যবসায়ী আলম মিয়া ও প্রাইভেট কার চালক রুবেল হোসেন।
ভাঙ্গা রেল স্টেশন মাস্টার স্বপন সরকার জানান, দুপুর ২ টার দিকে ভাঙ্গা থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের সাথে প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের ভেতরে থাকা যাত্রীগন আহত হয়। বিষয়টি আমি রেল পুলিশ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।
এলাকাবাসীর দাবি, গত কয়েকমাসে একই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। একটি নসিমনের ৪ যাত্রী ঘটনাস্থলে মারা গিয়েছে ৬ মাস আগে। নওপাড়া সদরপুর এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। অনতিবিলম্বে এই দুর্ঘটনা কবলিত স্থানটিতে রেল গেট জরুরী প্রয়োজন।