
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৩/১০/২০২৬
প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, গত ১৭ বছর এদেশে কোন ভোটের অধিকার ছিল না। সঠিক জনপ্রতিনিধি নির্বাচনের কোন সুযোগ ছিল না। দেশে কোন গণতন্ত্র ছিল না। যা ছিল তা হলো স্বৈরতন্ত্র।তার কারণে উন্নয়নের বয়ান যা হয়েছে, তা ফানুস হয়ে ফেটে গেছে।
বাংলাদেশে এমন একটা অর্থনীতি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তা এতই ভঙ্গুর যে, পৃথিবীতে ঋণ খেলাপিদের শীর্ষে অবস্থান করছি।
বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, সবার আগে বাংলাদেশ অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা অর্থাৎ নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনমুখী অর্থনীতি। তাই সারা দেশে প্রোডাকশন হাব স্থাপন করা হবে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি এসময় আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে প্রকৃত উন্নয়নের কাজ চলছে। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করি।
তিনি অনেকটা আক্ষেপ করে বলেন, যে ভাঙ্গা উপজেলার উপর দিয়ে ২১ জেলার মানুষ যাতায়াত করে, সেখানে একটি ট্রমা সেন্টার নেই। ভাঙ্গায় ট্রমা সেন্টার নেই সেটা জাতির জন্য একটি ট্রমার বিষয়। এ অঞ্চলের মানুষের জন্য বিগত সরকারের সময়ে কর্মসংস্থানের কোন ব্যবস্থা করা হয় নাই। কিন্তু উন্নয়নের বয়ান জারি রাখা হয়েছে। বৃহত্তর ফরিদপুরে বেকারত্বের পরিমাণ সবচেয়ে বেশি, এমনকি গোপালগঞ্জ জেলাসহ। অথচ উন্নয়নের কথা বলা হয়েছে। তারমানে এখানে লুটপাটতন্ত্র জারি ছিল।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের এমপি ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। তিনি এসময় বলেন, আমার নির্বাচনী এলাকায় গত ছয় মাসে যে ব্যাপক উন্নয়ন হয়েছে আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। ব্রীজ, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এখন দৃশ্যমান।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, উপজেলা প্রমুখ।

