ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পক্ষে গণমিছিল, জোট প্রার্থী হিসেবে সমাধানের দাবি


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৮/০১/২০২৬
ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্যার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি উপজেলার অসংখ্য সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত জোট থেকে তাকে একক প্রার্থী নির্ধারণ করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। ফরিদপুর-৪ আসনটি ১০ দলীয় ঐক্যজোটের সকল প্রার্থী অনড় থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটি উম্মুক্ত করা হয়। এতে করে তৃতীয় পক্ষের সুবিধা হচ্ছে। তাই জরুরী ভিত্তিতে একটি সমাধান জন্য আহ্বান জানালো হয়।

আজ বুধবার বিকাল ৫ টায় ভাঙ্গা উপজেলা সদরে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভাঙ্গা ঈদগাহ মসজিদ চত্ত্বর থেকে বের হয়ে বাজার প্রদিক্ষণ করে গোলচত্ত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাওলানা মো. মিজানুর রহমান মোল্যা। এ সময় তিনি ইনসাফের সমাজ প্রতিষ্ঠার অঙ্গিকার ব্যক্ত করে বলেন- “দল আমাকে মনোনীত করেছেন, এই আসন উন্মুক্ত থাকায় জামায়াতের প্রার্থীও রয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ভাঙ্গায় আমার দলের সভাপতি আল্লামা মামুনুল হক জনসভা করবেন। আশা করি, ওইদিনে জোটের বিষয়টি সমাধান হয়ে যাবে এবং আমাকে সমর্থন করবেন। যার প্রেক্ষিতে আজকের এই গণমিছিলের উপস্থিতি বলে দিচ্ছে রিক্সা প্রতীকের মার্কা বিজয়ী হবে ইনশাল্লাহ। আমি বিজয়ী হলে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাব।”

তিনি আরও বলেন- “আমরা প্রশাসনের কাছে সুন্দর ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানাচ্ছি। আমাদের সামনে কেউ বাঁধা হয়ে দাড়ালে বা আমার কোনো সমর্থককে হুমকি-ধমকি দেয়া হলে উপযুক্ত জবাব দেয়া হবে।”

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির জেলা কমিটির সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, ভাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সদরপুর উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মুফতি জাকির হোসাইন সভাপতি, সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলার সভাপতি মুফতি জাকারিয়া সহ অনেকে। এর আগে তিন উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী এই গণমিছিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ফরিদপুরের চারটি আসনের মধ্যে এই আসনটি জামায়াত সমর্থিত জোট থেকে উন্মক্ত রাখা হয়েছে। সেক্ষেত্রে আসনটি দাড়িপাল্লা প্রতীক নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে আসছেন মাওলানা মো. সরোয়ার হোসেন।