ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যাকাণ্ডের আসামি সোহেল গ্ৰেফতার


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-১৬/০৫/২০২৬

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপাড়া গ্ৰামে অবস্থিত আলোর দিশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ভেতরে গত ২৩ জানুয়ারি পিটিয়ে রাজ্জাক মোল্লা(৪০) কে হত্যা করা হয়। সে ভাঙ্গা পৌরসভার পুর্ব হাসামদিয়া গ্ৰামের সামাদ মাতুব্বরের ছেলে এবং ভাঙ্গা পৌরসভার একজন পাইকারি মৎস্য ব্যবসায়ী। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যতম আসামি সোহেল মিয়া(৩৫) কে শুক্রবার রাতে তার শশুরবাড়ী বামনকান্দা গ্ৰাম থেকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন হোসেন জানান, আলোর দিশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রাজ্জাক মাতুব্বরকে হত্যার ঘটনায় তার ছোট ভাই সাকিব মাতুব্বর বাদী হয়ে গত ২৪ জানুয়ারি ভাঙ্গা থানার একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গীও ফোর্স নিয়ে শুক্রবার রাতে আসামি সোহেল মিয়ার শশুরবাড়ী ভাঙ্গা পৌরসভার পাশ্ববর্তী বামনকান্দা গ্ৰামে অভিযান চালিয়ে তাকে আটক করি। চাঞ্চল্যকর এই হত্যা কান্ডে এখন পর্যন্ত মোট ৩ জনকে গ্ৰেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।
মামলার বাদী সাকিব মাতুব্বর জানান, তার ভাই রাজ্জাক মাতুব্বরকে নির্মমভাবে হত্যা করেছে আলোর দিশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক মিজানুর রহমান ও তার সহযোগীরা। মামলার পর আমাকে ও আমার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়েছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।