
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৭/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রাম থেকে বিদেশি মদ, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রর কার্তুজের খোসা, মোবাইল ফোন, নগত টাকা, মটরসাইকেল সহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।
এই ঘটনায় রোববার (১৭ মে) সকালে জেলা গোয়েন্দা শাখার এস,আই দীপন কুমার মন্ডল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।ভাঙ্গা থানা মামলা নম্বর- ২৫/১৫৭, তারিখ -১৭/৫/২০২৬।
এর আগে শনিবার (১৬ মে) বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলো ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি গ্রামের মৃত সাদেক আলী খাঁনের পুত্র রবিন খান(৪৩) ও চরমুগডোবা গ্রামের মাইনুল ইসলাম রিপন খান স্ত্রী রাশিদা আক্তার (৪০)। এই মামলায় পলাতক তিনজন আসামীরা হলো, গ্রেফতারকৃত রাশিদা আক্তারের স্বামী মাইনুল ইসলাম খান রিপন (৫০) এবং বেল্লাল (৪৫), ও নুর মোহাম্মদ (৪০)।
মাইনুল খাঁন রিপন চরমুগডোবা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন খানের পুত্র এবং সর্বশেষ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে লড়েছেন। তার বাড়িতেই অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশী মদ, ১টি এয়ারগান, সটগানের ২৫টি কার্তুজের খোসা, দেশীয় অস্ত্র, নগত দুই লাখ টাকা, মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে।
এব্যাপারে মামলার বাদি জেলা গোয়েন্দা শাখার এস,আই দীপন কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের চর মুগডোবা গ্রামের মাইনুল ইসলাম খান রিপনের বাড়ীর একতলা বিল্ডিং ভিতর কয়েকজন লোক অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশিদা আক্তার ও রবিন খাঁনকে গ্রেফতার করি। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মুল আসামী মাইনুল ইসলাম খান রিপন, বেল্লাল ও নুর মোহাম্মদ পালিয়ে যায়।
এ সময় আসামিদের বাড়ি থেকে ১১বোতল বিভিন্ন ধরনের বিদেশী মদ, একটি বিদেশি ইয়ার গান ও ২৫ পিচ শট গানের কার্তুজের খোসা, দেশীয় অস্ত্র রামদা, দুই লাখ টাকা, মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করি।
এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল আমিন জানান, ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

