দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান -মোস্তফা আমীর ফয়সল,চেয়ারম্যান জাকের পার্টি


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০১/০৪/২০২৬

বিশ্বজুড়ে পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ে মানবতা আজ চরম বিপর্যয়ের মুখে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি বলেছেন, ভূ-রাজনৈতিক কারণে পরাশক্তিদের দৃষ্টি এখন বাংলাদেশের ওপর। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই মুহূর্তে জাতীয় ঐক্য অপরিহার্য।

শুক্রবার (১ মে) ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) সাহেবের ওফাত দিবস স্মরণে জাকের পার্টি
আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা আমীর ফয়সাল আরও বলেন, মুসলিম বিশ্ব আজ বিভক্ত ও ক্ষতবিক্ষত। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশবাসীকে সতর্ক থাকতে হবে। সবাই ব্যর্থ হলেও জাকের পার্টি এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল।

ইসলামী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত-অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়েই সম্মেলনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০০১ সালের ১ মে (১৮ বৈশাখ) বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ইন্তেকাল করেন। দিনটি জাকেরানদের কাছে গভীর শোক ও তাৎপর্যের দিন হিসেবে পালিত হয়ে আসছে।