সাহারা খাতুনের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হলো বনানী কবরস্থানে

ঢাকা প্রতিনিধি: শনিবার (১১ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে বনানী কবরস্থানের সামনে স্বাস্থ্যবিধি মেনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

জানাজা শেষে সাহারা খাতুনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

শনিবার সকাল ১০টা ৫১ মিনিটে বনানী কবরস্থানে অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহারা খাতুন। দীর্ঘদিন ধরে অসুস্থ সাহারা খাতুনকে উন্নত চিকিসার জন্য গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল।