ফরিদপুর প্রতিনিধি: প্রখ্যাত সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় তিনি তাঁর ইস্কাটন গার্ডেনের নিজ বাসায় প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস ইত্যাদি রোগে ভুগছিলেন।
বারডেম হাসপাতালের হিমঘরে তাঁর মরদেহ রাখা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রয়াতের শেষ ইচ্ছে অনুযায়ি বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) ফরিদপুর জেলা কমিটি।
এক শোক বার্তায় “বিওজেএ” ফরিদপুর জেলা কমিটির সভাপতি বেলাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবিদুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান এবং ভাঙ্গা উপজেলা কমিটি গভীর শোক প্রকাশ করে বলেন, সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খানের মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম ভূবনে অপূরণীয় ঘাটতি তৈরি হলো।
বিওজেএ নেতৃবৃন্দ আরও বলেন, রাহাত খান একজন ভালো মনের মানুষ ছিলেন। অন্যায় আর অপকর্মের বিরুদ্ধে তার কন্ঠ ছিল বলিষ্ঠ।
ফরিদপুর জেলা কমিটির ও ভাঙ্গা উপজেলা আহব্বায়ক কমিটির প্রধান সালমান মোল্লা প্রয়াত সাংবাদিক ও কথাশিল্পী রাহাত খানের আত্নার মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

