ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। আহত-১৫


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৩১/০৫/২০২৬

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী ঝাটুরদিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ বাসযাত্রী আহত হয়েছেন।
রবিবার(৩১ মে ) দুপুরে ঢাকা থেকে খুলনাগামী আল-বোরাক পরিবহনের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান , ঢাকা থেকে ছেড়ে আসা আল বোরাক পরিবহন বাসটি সুয়াদী ও ঝাটুরদিয়ার মাঝামাঝি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ১৫ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনাটি ভয়াবহ হলেও এখনও পর্যন্ত কেউ মারা যাওয়ার সংবাদ আমরা পাইনি।