সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী হাট সংলগ্ন চরবলাশিয়া বক্সডাঙ্গী গ্রামের মোঃ মানোয়ার হোসেনের বাড়িতে ভ্রাম্যমান আদালত যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের দুই নির্বাহী হাকিম অভিযানের নেতৃত্ব দেন। এরমধ্যে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার এবং সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল রয়েছেন।
এদিকে জালের মালিক ও বাড়ির লোকজন ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়েন। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্ত্বরে নিয়ে আসা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় আট লক্ষ টাকা।
সদরপুরের নির্বাহী হাকিম সজল চন্দ্র শীল শুক্রবার দুপুরে উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমী মাঠে জব্দকৃত জালগুলি পুড়িয়ে ফেলেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের অপর নির্বাহী হাকিম পূরবী গোলদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মজুদকৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে ভ্রা্যম্যমান আদালত পরিচালনা করা হয়।
উল্লেখ্য উপজেলার আরও কোথাও এ ধরনের অবৈধ কারেন্ট জাল মজুদ রয়েছে কিনা সে ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হচ্ছে মর্মে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিডিপ্রেস.এজেন্সীকে জানানো হয়েছে।

