আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: আলফাডাঙ্গা উপজেলায় নানা অনিয়মের অভিযোগে একটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় অভিযান পরিচালনার খবর পেয়ে অন্য সব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত পপুলার প্রাইভেট হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. বায়েজিদকে ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. মাহবুবুল ইসলাম।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান, আলফাডাঙ্গা থানার এস.আই মো. মঞ্জুরুল ইসলামসহ উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পপুলার প্রাইভেট হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করার অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৫০,০০০ টাকা ও মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ- ১৯৮২ এর ৮ (১৩) ধারা অনুযায়ি ৫,০০০ টাকা জরিমানা করা হয়। দু’টি আইনে মোট ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়।

