
রানা অর্নব
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা-২২/০৪/২০২৬
ফরিদপুরের সদরপুর উপজেলায় বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধে ব্যবসায়ী তারা মৃধা (৪৫) কে এক লাখ টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মৌজার সুশীল মণ্ডলের ডাঙ্গী গ্রামে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
তিনি জানান, কৃষি জমির মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে অন্যত্র বিক্রির খবর পেয়ে মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরণের পদক্ষেপ অব্যাহত থাকবে। আইন অমান্য করে কৃষি জমির মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

