ভাঙ্গায় সেফটি ট্যাঙ্কে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২০/০৪/২০২৬

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার তত্ত্বাবধানে নির্মাণাধীন বহুতল ভবনের সেফটি ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিক মাসুম শেখ (৫২) মারা গেছে। সে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের পুত্র। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯ টার দিকে ভাঙ্গা পৌরসভার বহুতল মাছ বাজার মার্কেটের নিচতলার সেফটি ট্যাংকিতে এঘটনা ঘটে।
ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, পৌর সদরের কোর্টপাড় মাছ বাজার সংলগ্ন বহুতল ভবনের কাজ চলছিল। সকাল ৯ টার দিকে মাসুম শেখ নামের এক নির্মাণ শ্রমিক সেফটি ট্যাংকির সেন্টারিং খোলার জন্য ভেতরে প্রবেশ করে। অতিরিক্ত গ্যাসের কারনে সে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবন নির্মাণের সাব কন্টাক্টর মহিবুল্লাহ শেখ জানান, নিহত মাসুম শেখ আমার আপন ছোট ভাই। কাজ করার সময় অসাবধানতাবশত সে গ্যাসের কারনে নিচে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমার ভাইকে উদ্ধার করে।
ভাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। কাজের কোন গাফিলতি থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।