ফরিদপুর ও মাদারীপুর প্রতিনিধি: বিকাশ গ্রাহকদের নিকট থেকে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগে চক্রটির প্রধান শ্রী গোকুল মন্ডল সহ তিন বিকাশ প্রতারককে রংপুর সিআইডি পুলিশের একটি দল ফরিদপুর এবং মাদারীপুর জেলা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সোনামুখির চর গ্রামের মৃত: মাধব মন্ডলের পুত্র গোকুল মন্ডল (৪৮), দেওড়া গ্রামের মজিবর রহমান বেপারীর পুত্র ও চক্রটির আশ্রয় প্রশ্রয় দাতা জাহাঙ্গীর বেপারীর ভাগিনা মো. আব্বাস হোসেন বেপারী (২৩) এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের মৃত: হোসেন গাজীর পুত্র মো. ফিরোজ গাজী (৪৬)।
বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতারের বিষয়ে বুধবার দুপুরে রংপুর সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিআইডি’র পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গার আলো প্রতিনিধিকে মুঠোফোনে জানান, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এক ভুক্তভোগির দায়ের করা মামলার (রংপুর মেট্রো তাজহাট থানার মামলা নাম্বার – ১২, তারিখ- ১৮/১২/২০১৯) ধারা ১৭০/৪০৬/৪২০ পেনাল কোডের আসামীদের গ্রেফতার করতে ফরিদপুর ও মাদারীপুর জেলায় অভিযান পরিচালনা করা হয়।জেলা দুটি থেকে সারা দেশে তারা প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমনি তথ্যের উপর ভিত্তি করে সিআইডির এস.আই আহসান উল্লাহর নেতৃত্বে একটি দল বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন।
সিআইডির পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারনার কথা স্বীকার করেছে। তবে তাদেরকে রিমান্ডে এনে অধিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেটওয়ার্ক এর সাথে কারা কারা জড়িত রয়েছে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

