ভাঙ্গায় ২৪ ঘন্টায় পুলিশি অভিযানে গ্রেফতার-২২


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় গত ২৪ ঘন্টায় পুলিশি অভিযানে ২২ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্ৰেফতার কৃতদের আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদেরকে ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা উপজেলা পরিষদ, ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে ভাঙ্গা থানা সূত্রে জানা যায়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার দুই ব্যক্তি রয়েছেন।
আদালতে পাঠানোর সময় ভাঙ্গা থানা চত্বরে  স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ফরিদপুর-৪ আসনের নির্বাচনী সীমানা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করায় গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গাবাসীর আন্দোলনকে কেন্দ্র করে ভাঙ্গা থানাসহ একাধিক সরকারি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । ঐ সময়ে ভাঙ্গা থানায় ৪ টি মামলা রুজু হয়। এ মামলার আসামী হিসেবে পুলিশ গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল থেকে শনিবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।