ভাঙ্গায় কমিউনিস্ট পার্টির জনসভা অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২৪/০২/২০২৫

নিত্য পণ্যের দাম কমানো, অভাবী মানুষের জান বাঁচানো, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা ও ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতাউর রহমান কালুর মুক্তির দাবিতে ভাঙ্গায় জনসভা করেছে কমিউনিস্ট পার্টি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এ জনসভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য আবু বকরের সভাপতিত্বে ও ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন ও রফিকুজ্জামান লায়েক, সম্পাদক মন্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (রাকসু) এর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র শীল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র মন্ডল, ভাঙ্গা উপজেলা যুব ইউনিয়নের সভাপতি প্রভাস মালো প্রমুখ।
জনসভায় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবেই নির্বাচিত সরকার ও রাজনীতিবিদরা দেশ পরিচালনা করতে পারবে। গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের মধ্যে ভোটের আকাঙ্খা রয়েছে। নির্বাচিত সরকার আসলেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে-এ নিশ্চয়তা নেই। কিন্তু কৃষক, জনতা ও ছাত্ররা তাদের অধিকারের কথা বলতে পারবে।

তিনি বলেন, এ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। তারা সংস্কার করতে চাচ্ছে। এ সংস্কার প্রক্রিয়া একদিনে হবে না। এটি ক্রমশ চলমান প্রক্রিয়া। সংবিধান পরিবর্তনের কথা আসছে। বিগত দিনে ৭২ এর সংবিধান বহুত কাটছাট হয়েছে। আমরা সে সব জায়গায় সংস্কার চাই।

তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটি বিষয় পরিস্কার হয়েছে, আগামীতে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করবে, তাকেই পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা ১৬ বছর ফ্যাসিষ্ট সরকার কায়েম করেছিল। হাসিনা সরকার পালিয়ে গেছে, কিন্তু সেই ব্যবস্থার পরিবর্তন হয় নাই। অভ্যুত্থানের পর জিনিসপত্রের দাম লাগামহীন বাড়ছে। সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব হয় নাই, রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিচার বিভাগে একই অবস্থা বিরাজমান।

সভায় কমিউনিষ্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (রাকসু) এর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না বলেন, স্থানীয় নির্বাচনের কথা বলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা যাবে না। এ বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।

জনসভা শেষে ভাঙ্গা উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আতাউর রহমান কালুর মুক্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল ভাঙ্গা উপজেলা শহর প্রদক্ষিণ করে।