ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ধাক্কায় নিহত -১


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৮/০২/২০২৫
ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গার পুলিয়া বাসস্ট্যান্ডে সোমবার দিবাগত গভীর রাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসের রেলিং এ ধাক্কা খায় । এতে বাসের সুপারভাইজার জুবায়ের শেখ (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আবুল হাসানের ছেলে।
শিবচর হাইওয়ে থানার উপ পরিদর্শক তমাল সরকার জানান, এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার পুলিয়া নামক স্থানে খুলনা থেকে ঢাকাগামী জি এম এস পরিবহনের একটি বাস গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং এ ধাক্কা লাগলে বাসটির সুপারভাইজার মারা যায়। ধারণা করা হচ্ছে বাসের সামনের চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে শিবচর হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।