ভাঙ্গায় যাত্রীবাহী বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত-৫


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -১৭/০২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী   বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও  বাসের হেলপারসহ কমপক্ষে ৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার(১৭ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান বলেন, ফরিদপুর -বরিশাল মহাসড়কের ভাঙ্গার চুমুরদীতে  বরিশালগামী আলীপমীম যাত্রীবাহী বাস ও  ভাঙ্গাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশা এবং মহাসড়ক নির্মাণ কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।