ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনব্যাপী উরস শুরু


মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর)সংবাদদাতা-১৫/০২/০২০২৫
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলী শাহসুফী হযরত মাওলানা মুহাম্মাদ হাসমতউল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের ৪ দিনব্যাপী মহা পবিত্র উরস শরীফ শুরু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর খাজাবাবা ফরিদপুরীর রওজা জিয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পবিত্র শবেবরাত উপলক্ষে গত শুক্রবার হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান আশেকান লাখ লাখ ভক্তবৃন্দরা দরবার শরীফে আসতে শুরু করেছে। দরবার শরীফে জাকেরানদের থাকার জন্য সামিয়ানা, প্যান্ডেল,লাইটিং,খাবার মাঠ,পয়ঃনিস্কাশন ব্যাবস্থা, মহিলাদের আলাদা থাকার ব্যাবস্থা, জরুরী চিকিৎসা সেবা, গাড়ী পার্কিংয়ের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মালম্বীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
দরবার শরীফের কর্তৃপক্ষ ধারনা করছেন ৪ দিনব্যাপী উরস শরীফে এবছর প্রায় ৪০ লক্ষ লোকের সমাগম ঘটবে।
আইটি বিভাগের কামরুল জানান, দেশ বিদেশ থেকে আগত জাকরানদের নিরাপত্তায় দরবার শরীফ এলাকায় প্রায় ২০০ শতাধিক সি,সি,ক্যামেরা, ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সদরপুর থানা পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।এছাড়াও দরবার শরীফের রয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী। চার দিনের কর্মসূচিতে প্রতিদিন ফরজ সুন্নত নফল ইবাদত ওয়াজ নসিহত তরিকতের ওজিফা কালাম ও জিকির আসকারে মশগুল থাকবেন জাকেরানরা।
আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে উরস শরীফ।
উল্লেখ্য বাংলা ১৩৫৪ সালে খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) ছাহেব প্রথম উরস শরীফ শুরু করেন, সেই থেকে প্রতিবছর বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বাৎসরিক উরস শরীফ উদযাপিত হয়ে আসছে৷