এমপি বাবুলের কারিশমায় বদলে যাচ্ছে গ্ৰামীন জনপদ। ৪৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -২৭/০৮/২০২৬

ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় এমপি শহিদুল ইসলাম বাবুলের কারিশমায় বদলে যাচ্ছে ভাঙ্গার গ্ৰামীন জনপদ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৪৩টি সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন করিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এসব সড়ক উন্নয়ন প্রকল্পের পাশাপাশি চান্দ্রা ইউনিয়ন পরিষদের জন্য নতুন ভবন নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে এবং দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই ভাঙ্গা উপজেলার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। শুধু নতুন করে ৪৩টি সড়ক অনুমোদনই নয়, এর আগে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সড়কের উদ্বোধনেও তিনি অংশ নিয়েছেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এলাকার মানুষের যাতায়াতের কষ্ট দূর করা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যেই এসব উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সড়কগুলো বাস্তবায়িত হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
স্থানীয়দের মতে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই এতগুলো সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন আদায় ভাঙ্গা উপজেলার উন্নয়ন ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও এর সুফল পাবেন।
এ বিষয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকাকে বলেন, এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন এবং দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানই তাঁর প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে আমি ভাঙ্গার উন্নয়নে কাজ করে যেতে চাই।
উন্নয়ন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে হবে না; মানুষের জীবনে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। এলাকার প্রতিটি মানুষের যাতায়াত সহজ করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করাই আমার লক্ষ্য।
আমি আমার সরকারের দিক নির্দেশনাম স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি অব্যাহত রেখে ভাঙ্গাকে আধুনিক, যোগাযোগসমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
আগামীতে জনগনকে সাথে নিয়ে এই ফরিদপুর-৪ আসনকে ঘুষ, দুর্নীতি, মাদকমুক্ত আসনে রূপান্তরিত করবো।