ফরিদপুরের ভাঙ্গায় নারী এনজিও কর্মীর লাশ উদ্ধার।

ফরিদপুরের  ভাঙ্গা পৌরসভার চৌধুরী কান্দা সদরদী গ্রামের একটি পাট ক্ষেত থেকে বুধবার নুপুর সাহা (২৫) নামের এক নারী এনজিও কর্মীর মরা দেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

নিহত নুপুর ভাঙ্গা পৌরসভার (৮ নং) ওয়ার্ল্ড এর রায়পাড়া সদরদী গ্রামের কার্তিক রায়ের স্ত্রী। তিনি স্থানীয় একটি এনজিওর মাঠকর্মী ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার বিকালে মাঠে খেলার সময় মাঠের পাশে মামুন সেকের পাটক্ষেতে বল  যাওয়াতে বল আনতে গিয়ে সেখানে একটি মরাদেহ দেখতে পায় এবং নুপুরের পরিবার ও পুলিশকে জানায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নুপুর সাহা তার কর্মস্থল পৌরসভার হোগলাডাঙ্গি গ্রামের আদ-দ্বীন এনজিওর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পার হলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। খোঁজ না পেয়ে রাতে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করে নুপুরের পরিবার।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ  ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ও সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী এবং জেলা সদর থেকে আসা সি আই ডি ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেন ।

নিহতের শাশুড়ি মায়া রানী জানায়, নুপুর সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমি এ হত্যার বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে,সহকারী  পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী সংবাদ কর্মীদের জানান  মঙ্গলবার রাতে ভাঙ্গা থানায় নুপুরের নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করে তার পরিবার। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে ধর্ষণের পর নুপুরকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।