মোঃ মাসুম বিল্লাহ ইমরান, খুলনা প্রতিনিধি: শনিবার ১৮ জুলাই, খুলনায় গাঁজা সেবন নিয়ে বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু খুন হয়েছে।রাত পৌনে ৮টায় খুলনার নৈহাটী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুমন নৈহাটী গ্রামের দক্ষিণাড়ার (হোগলডাঙ্গা) আবজাল হোসেন শেখ এর ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত একমাস পূর্বে গাঁজা সেবন নিয়ে সুমন ও একই গ্রামের আবুল বাশার ঢালির ছেলে মাহমুদুল ঢালির (২২) কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে আজ রাত পৌনে ৮টায় নৈহাটী মোড়ের বসিরের চায়ের দোকানের সামনে তারা আবারো বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহমুদুল উত্তেজিত হয়ে সুমনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সুমন মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এসএম রাজু আহমেদ ও রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনসহ থানার অন্যান্য অফিসার এবং ডিএসবি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এছাড়া নিহত সুমনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

