শাহজালাল বিমানবন্দরে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১

ঢাকা প্রতিনিধি: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইয়াবাসহ মো. নূর আহম্মেদকে (৩৬) আটকের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

শনিবার (৩১ আগস্ট) সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়। নূর আহম্মেদ কক্সবাজার জেলার উখিয়া থানার পালঙ্কখালী গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশ জানিয়েছে, সকাল ৯ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল এক যুবক। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।  জিজ্ঞাসাবাদে তার নাম নূর আহম্মেদ বলে জানায়। এসময় তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে শরীর তল্লাশি করে এক হাজার ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, উখিয়ার বালুখালীর কালু নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার রন্টি নামে এক ব্যক্তির কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল।