মায়ের মৃত্যুতে মামুন প্যারোলে মুক্ত

ঢাকা প্রতিনিধি:  অর্থ পাচার মামলায় দণ্ডিত বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন প্যারোলে মুক্ত হয়েছেন। মায়ের মৃত্যুতে ৪ ঘন্টার জন্য (৯টা থেকে ১টা পর্যন্ত) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন । বৃহস্পতিবার সকালে তিনি  জানান, ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন গিয়াস আল মামুন। ওই সময় পার হলে তাকে ফের কারাগারে নিয়ে আসা হবে। মুক্তি পাওয়ার পর তাকে রাজধানীর শুক্রবাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ডেপুটি জেলার জাহিদ।

ডেপুটি জেলার জানান, প্যারোলের শর্ত অনুযায়ী গিয়াস আল মামুন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না, সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবেন এবং প্যারোলের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কারাগারে পৌঁছাবেন।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস আল মামুনের মা ৯৩ বছর বয়সী মোসাম্মত হালিমা খাতুন মারা যান। মায়ের মৃত্যুতে মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তার ভাই জালাল উদ্দিন রুমী।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন গিয়াস উদ্দিন আল মামুন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানি লন্ডারিং, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা হয়।