টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার দুই আসামি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে টেকনাফের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের উত্তর শিলখালী গ্রামের মোহাম্মদ আমীন (৩৭) ও মৌলভী পাড়ার হেলাল উদ্দিন (২১)।

পুলিশের দাবি, টেকনাফ মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ আটক একাধিক মামলার আসামি উত্তর শীলখালীর ওলি চাঁদ মিয়া ওরফে উলা মিয়ার পুত্র মোহাম্মদ আমিন এবং টেকনাফ মৌলভী পাড়ার নুর মোহাম্মদের পুত্র হেলাল উদ্দিন সুমনের স্বীকারোক্তিতে উত্তর শিলখালী সাপ মারা পাহাড়ের পাদদেশে অস্ত্র ও ইয়াবা উদ্ধার অভিযানে যায়।

এসময় দুবৃর্ত্ত দলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই সুজিত দে, এএসআই সাইফ ও কনস্টেবল সেকান্দার আহত হয়। কিছুক্ষণ পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫ হাজার ইয়াবা, ২টি আগ্নেয়াস্ত্র এবং ৭ রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ মো. আমিন ও হেলাল উদ্দিন সুমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, পুলিশের অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে দু‘পক্ষের গোলাগুলিতে ৩ জন পুলিশ আহত, ২ জন দুর্বৃত্ত গুলিবিদ্ধ, অস্ত্র, ইয়াবা এবং বুলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি এই ব্যাপারে পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান।