আজ থেকে খোলা সরকারি-বেসরকারি অফিস

অনলাইন ডেস্ক: মহামারি করোনা-ভাইরাসের কারণে দীর্ঘ ৬৬ দিন সাধারণ ছুটি শেষে রোববার ৩১ মে, থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস।  আগের সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত ব্যাংকিং কার্যক্রম চলবে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের শেয়ারবাজারে লেনদেনও চালু হচ্ছে আজ থেকে। সাধারণ ছুটি আর না বাড়িয়ে অফিস খোলার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশে বলা হয়, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিসগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং সন্তানসম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও এ আদেশে জানানো হয়।

অন্য দিকে, বন্ধ থাকা বাস, লঞ্চ, ট্রেন চালুর নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধিনিষেধ নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে। তবে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

সড়কে গণপরিবহন চালাচলের বিষয়ে স্বাস্থ্য অধিদফতর ১৩টি কারিগরি নির্দেশনা দিয়েছে। অপর দিকে যাত্রীবাহী নৌযান ও রেল চলাচলের বিষয়ে ১৪টি করে এবং বিমান চলাচলের বিষয়ে ১০টি কারিগরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সড়ক পরিবহন ও যাত্রীবাহী নৌযান খাতের মালিক-শ্রমিকদের সাথে গত শুক্রবার সভায় বসেছিল সরকার। দুই সেক্টরের মালিকরাই ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন। বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত না হলেও লঞ্চ ভাড়া আপাতত বাড়ছে না বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে জানানো হয়েছে।

সভায় আজ থেকে রাস্তায় নামতে যাওয়া গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। অপর দিকে ভাড়া না বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চেও যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয় বলে জানান বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান।

অফিস খোলার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জীবনের পাশাপাশি জীবিকার গতি সচল রাখতে শেখ হাসিনা সরকার বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

জনশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, হাটবাজার, দোকান-পাট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। সরকারি-বেসরকারি অফিস খুললেও মিটিং অনলাইনেই করতে হবে।

এ দিকে, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রাজীব দাস জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই সচিবালয়ে আসবেন। আপাতত কোনো দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়া হবে না।