
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পুর্ব সদরদী নামক স্থানে সোমবার (২৪ আগষ্ট) দুপুরে যাত্রীবাহী পরিবহন বাসের সাথে রুগি বহনকারী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি চূর্ণ-বিচূর্ণ হয় ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। ঘন্টাব্যাপী চলা উদ্ধারে অ্যাম্বুলেন্সের চালক সহ ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক মোবারক হোসেন (৪৫) অ্যাম্বুলেন্সের রোগী পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিহাব হোসেন (২৫) এবং রওশনারা (৬৫) ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান তাদের অবস্থা আশঙ্কাজনক।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, ঢাকাগামী দশমীনা যাত্রীবাহী পরিবহনের সঙ্গে বরিশাল গামী রুগিবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও এম্বুলেন্সটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

