
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৯/০৮/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক চয়ন মোল্লা (২৩) নিহত হয়েছেন। সে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের বড় ছেলে। সে সৌদি আরব প্রবাসী। গত ঈদুল আযহার ছুটিতে দেশে এসেছিলেন। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল অপর দুই আরোহী সিয়াম (২৩) ও নয়ন (২১) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, মোটরসাইকেল চালক চয়ন মোল্লা তার দুই বন্ধু সিয়াম ও নয়ন কে নিয়ে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার লস্করদিয়া থেকে শনিবার বিকেলে ভাঙ্গা ঘুরতে এসেছিলেন। রাতে ফেরার পথে ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক চয়ন মোল্লা মারা যান। গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাদের অবস্থার অবনতি ঘটায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত চয়ন মোল্লার চাচা আসির উদ্দিন জানান, আজ বিকেলে চয়ন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ভাঙ্গার উদ্দেশ্যে এসেছিল। সন্ধ্যার পরে তার মৃত্যুর খবর পাই। সে সৌদি আরবে থাকে। গত কোরবানির ঈদে সে বাড়ি এসেছিল। বাবা -মার বড় ছেলে চয়ন আমাদের সবাইকে ফেলে পরপারে চলে গেছে।

