
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৪/০৮/২০২৬
ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের মালিগ্ৰাম নামক স্থানে সোমবার(২৪ আগষ্ট) সন্ধ্যায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মটর সাইকেল আরোহী সালাউদ্দিন মোল্লা (২২) মারা গেছে। সে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্ৰামের আদম মোল্লার ছেলে। এসময় মটর সাইকেলে থাকা অপর আরোহী সাব্বির সেক(১৮) ও তামিম হোসেন (২৮) গুরুতর আহত হয়। তাদের বাড়িও একই এলাকায়।
শিবচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, নগরকান্দা থেকে নিজ মটরসাইকেল যোগে তিন বন্ধু হাইওয়ে এক্সপ্রেসের ঢাকাগামী লেনে যাচ্ছিল। সে সময় পিছন থেকে দ্রুত গতির অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করি। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

