সদরপুরে হত্যা মামলার পলাতক আসামি আপন ২ ভাই গ্রেফতার

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২২/০৪/২০২৫
ফরিদপুরের সদরপুর থানার একটি হত্যা মামলার পলাতক আসামি আপন দুই ভাই সম্রাট মিয়া (২৫) ও সাজিত মিয়া (২৩)কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত দুই ভাই উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বর ডাঙ্গি গ্রামের মফিজ ওরফে শুক্কুর মিয়ার পুত্র।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, সোমবার দিবাগত গভীররাত আমার থানার উপপরিদর্শক হাসিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজধানী ঢাকার খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গত বছর সদরপুরে একটি হত্যাকাণ্ডের পর দীর্ঘ পাঁচ মাস তারা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের আটক করে। আইনি প্রক্রিয়া শেষে ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।
মামলার সুত্রে জানা যায়, গত ০৪ নভেম্বর ২০২৪ তারিখে উপজেলার সাড়ে সাতরশি বাজারে খুন হয় উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের আকন ডাঙ্গি গ্রামের কবির উদ্দিন আকন (৫০)। উক্ত ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামালা নং ২ ধারা ৩০২/৩৪।