ভাঙ্গায়  দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম।। চিকিৎসকের সহায়তায় পেটে সেলাই নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২৪/০৪/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি  পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুই পরীক্ষার্থীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে ভাঙ্গা বাজারের থানা সামনে কালীবাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলো ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিক মাতুব্বর (১৭) ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী সাইম শেখ (১৮)। দুই শিক্ষার্থীর বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে। 
আহত দুই শিক্ষার্থীকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর চিকিৎসকেরা দ্রুত জখমের স্থানে সেলাই সহ চিকিৎসা দিয়ে সরকারি এম্বুলেন্স যোগে চিকিৎসকসহ পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। পেটে, হাতে সেলাই নিয়েই ঐ দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্ৰহন করে। প্রশাসন ও চিকিৎসক পরীক্ষা শেষ হলে পুনরায় তাদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসএসসি পরীক্ষার্থী আশিক মাতুব্বর বলেন,সকালে ভ্যানযোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য আমরা দুইজন রওনা হই। ভ্যানটি যখন ভাঙ্গা বাজারের থানা রোড সংলগ্ন কালীবাড়ির সামনে আসে তখন রাস্তায় একটি ট্রাককে পাশ কাটানোর জন্য আমাদের ভ্যান দাঁড়িয়ে পড়ে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই  আমার প্রতিবেশি ফাহিম মাতুব্বর(১৮)  চাইনিজ কুড়াল দিয়ে আমাকে ও আমার বন্ধু সাইম শেখকে এলোপাতাড়ি কুপিয়ে দৌড়ে ট্রাকের পাশ দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ফাহিম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। ৮-৯ মাস আগে ওর সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল। এছাড়া কোনো বিরোধ নেই।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের বলেন, দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দুইজনেরই বামহাত, পেট সহ শরীরের একাধিক জায়গায় কোপানো হয়েছে। এদের হাসপাতালে আনার পর কোপানোর স্থানে সেলাইসহ অন্যান্য চিকিৎসা দিয়ে এম্বুলেন্স যোগে চিকিৎসকসহ কেন্দ্রে পাঠাই। এরপর পরীক্ষার পরে পুনরায় তাদের হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা  কেন্দ্রের কেন্দ্র সচিব মো. হায়দার হোসেন বলেন, দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকে প্রথম পর্যায়ের চিকিৎসা দিয়ে কেন্দ্রে এনে পরীক্ষা দেওয়ানো হয়েছে। প্রশাসন ও চিকিৎসক সার্বক্ষণিক তাদের পাশে ছিলো। পরীক্ষা শেষে পুনরায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, দুইজন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তারা হাসপাতালে ভর্তি আছে। এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।