সদরপুরে গভীররাতের আগুনে ৪ গবাদিপশুর মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২১/০৪/২০২৫
ফরিদপুরের সদরপুরে গভীররাতে গোয়াল ঘরে লাগা আগুনে এক খামারীর ৩টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা গেছে। সোমবার (২১ এপ্রিল) ভোররাত ৩টার দিকে উপজেলা আকোটের চর ইউনিয়নের মনিকোঠা গ্রামের সুমন বেপারীর গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা বলে জানা গেছে।
সদরপুর ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নরেন্দ্র নাথ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে।
আকোটের চর ইউপি চেয়ারম্যান আসলাম বেপারী জানান, আমি খবর শুনে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, সোমবার গভীর রাতে আনুমানিক ৩টার দিকে গোয়াল ঘরের থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়াল ঘরে থাকা ৩টি গরু, ১টি ছাগলসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে।