সদরপুরে খাস জমিতে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা -২০/০৪/২০২৫
ফরিদপুরের সদরপুর উপজেলায় খাস জমিতে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া সহ ফুটপাতে ভাসমান হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। রোববার দুপুর থেকে টানা বিকাল পর্যন্ত চলে এ অভিযান। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সদরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, জনজীবনে স্বস্তি ফেরাতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত রাখা হবে।
সুজন বেপারী নামের এক পথচারী জানান, এ অভিযান দুর্ভোগ কমে জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে আসবে। অবৈধ স্থাপনার কারণে এতদিন চলাচলে অনেক কষ্ট হতো।
আবুল হোসেন নামের জনৈক ব্যক্তি বলেন, এধরণে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই তবে প্রশাসনের উচ্ছেদ হওয়া দরিদ্র মানুষদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হলে ভালো হতো।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে সদরপুরের উপজেলা শহরের সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিল একটি মহল। অপরদিকে বাজারে আসা জনসাধারণের চলাচলের ফুটপাত ভ্রাম্যমান হকারেরা দখল করে ব্যবসায়া করছিল। এতে করে জনসাধারণের যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো।