মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো চন্দ্রপাড়ার ওরস মাহফিল


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -১৫/০১/২০২৫

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের বাৎসরিক ওরস। ওরস শরীফে লাখো ভক্তের অংশগ্রহণে আখেরি মোনাজাত পরিচালনা করেন গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী।
দরবার শরীফের অফিস প্রধান মাহাবুবুর রহমান জানান, সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের দুই দিনব্যাপী বাৎসরিক এ ওরস শরীফ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ যোহর পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল, জিকির ও বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়।
বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর হজরত শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদের রওজা জিয়ারত শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মত এবারও ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক ও নৌ পথে বিপুল সংখ্যক ভক্ত এসে চন্দ্রপাড়া দরবার প্রাঙ্গণে জমায়েত ও আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফেরত গেছেন।
উল্লেখ্য, চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হযরত শাহ্ এনায়েতপুরী (রহ.) এর নিকট বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হন। পরে তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাড়ে চন্দ্রপাড়া শরীফ গ্রামে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ প্রতিষ্ঠা করে তরীকায়ে নক্শবন্দিয়া মোজাদ্দেদীয়ার দাওয়াত প্রচার করতে থাকেন।
এই সুফী সাধক ১৯৮৪ সালের ২৮ মার্চ নিজ দরবার শরীফে ওফাত করেন। বর্তমানে তার একমাত্র পুত্র মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়সী দরবার শরীফের গদীনশীন পীরের দায়িত্ব পালন করছেন।