ফারাক্কার ১১৯টি লকগেট খুলে দিয়েছে ভারত

ঢাকা প্রতিনিধি: ভারত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেয়ায় দ্রুত পানি বাড়ছে পদ্মায়। এতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন চর ও নিচু এলাকা প্লাবিত হওয়ায় মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলেছেন, ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ায় গঙ্গার পানি চলে আসছে বাংলাদেশের পদ্মা নদীতে। ফলে রাজশাহীতে পদ্মায় পানিপ্রবাহ বিপৎসীমার ১৮ দশমিক ৫০ মিটারের কাছাকাছি চলে এসেছে।

উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের জল। ফলে ফরাক্কা ব্যারেজের ১১৯টি লকগেটই আজ খুলে দেয় কর্তৃপক্ষ। এতে নদীর ভাটিতে প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে। পানির উচ্চতা বেড়ে গেছে মালদা জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে।

টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে সোমবার পথ অবরোধ করেন স্থানীয়রা। ইংরেজ বাজার পৌরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিই ডুবে গেছে। পুরাতন মালদা পৌরসভার ২০টি ওয়ার্ডের ৯টি ইতিমধ্যে পানির নীচে।

এদিকে ভারতের এমন কান্ডের ফলে প্লাবনের আশঙ্কা জেগেছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে। বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই ফারাক্কার গেট খুলে দিলে প্লাবনের শিকার হয় ভাটি অঞ্চলের মানুষ। এবার ভারত ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় সেই আশঙ্কা আরও বেড়েছে।