ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গা পূজার ২য় দিনে মহা অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
এবার মালিনী রূপে যে কুমারী দুর্গা মা হিসেবে পূজিত হচ্ছে সে হলো শহরের আলীপুর নিবাসী দেব চক্রবর্তী ও তনুশী চক্রবর্তী দম্পতির ৭ বছরের মেয়ে জয়িতা চক্রবর্তী। সে শহরের পূর্ব খাবাসপুর এলাকার মহাকালী পাঠশালার ২য় শ্রেণীর ছাত্রী। কুমারী পূজার পুরোহিত ছিলেন নিলয় চক্রবতী। এ ছাড়া জেলার ৯টি উপজেলার ৭ শতাধিক মণ্ডপে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মণ্ডপে উপোস থেকে ভক্তরা দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে।
সকাল থেকেই বিভিন্ন বয়সের ভক্ত দর্শনার্থীরা নতুন পোশাক পরে পূজা মণ্ডপে ভিড় করে। এ সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাজনা এবং শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

