ফরিদপুরের সদরপুরে ট্রাক চাপায় যুবক নিহত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ যুবক। শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুর-চন্দ্রপাড়া আঞ্চলিক সড়কের বেইলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সজীব শেখ (১৮)। সে চন্দ্রপাড়া ওয়াজ হাওলাদারকান্দি গ্রামের খোকন শেখের ছেলে। আহতরা হলো তুহিন শিকদার (১৯) ও মনির শেখ (২০)। তারা একই গ্রামের হারেজ শিকদারের ছেলে তুহিন শিকদার ও করিম শেখের ছেলে মনির শেখ।

এ ব্যাপারে সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার জানান, শুক্রবার সকালে চন্দ্রপাড়া থেকে একটি ট্রাক সদরপুর উপজেলা সদরের দিকে আসছিল। একই সময়ে সজীব শেখ নামে এক যুবক মোটরসাইকেল নিয়ে ওই ট্রাকের পেছন পেছন আসছিল। ট্রাকটি বেইলি সেতু এলাকায় একটি রিকশা ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় মোটরসাইকেল নিয়ে সজীব ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে সজীব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো ফরিদ আহমদ সজীবকে মৃত: ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় আহত তুহিন ও মনিরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকসহ চালক চাঁদ দিয়াকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য সজীবের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।