গাজীপুর প্রতিনিধি: গাজীপুর নগরীতে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পারির ট্রান্সমিশন কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ লাইনে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর কড্ডায় শুক্রবার রাতে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নেভায় গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় ওই গ্রিডের আওতায় ছয়টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বিঘিত্ন হয়। শনিবার দুপুরেও ওই লাইন মেরামতের কাজ চললেও আগের রাত থেকেই পর্যায় ক্রমে বিদ্যুৎ সরবরাহ করা শুরু হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন-উর-রশীদ জানান, রাত ৯টা ৫২ মিনিটে ট্রান্সমিশন কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। “প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।”
গ্রিড থেকে আগুন আন্ডার গ্রাউন্ডের বিদ্যুৎ সরবরাহ লাইনে (বাইপাস লাইনে) ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১০০ ফুটের মত ক্যাবল পুড়ে গেছে বলে জানান তিনি। ভোগড়া এলাকার বাসিন্দা শাহানা সুলতানা বলেন, রাত পৌনে ১০টা থেকে শনিবার সকাল সোয়া ৭টা পর্যন্ত তার এলাকায় বিদ্যুৎ ছিল না।
একই কথা জানান পাশের চান্দনা গ্রামের সফিউদ্দিন। গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম যুবরাজ চন্দ্র পাল জানান, বিদ্যুত ট্রান্সমিশন কেন্দ্রের উপরের ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মাটির নিচের সরবরাহ লাইনেও ছড়িয়ে পড়ে। “অগ্নিকাণ্ডের কারণে গাজীপুর পল্লী বিদ্যুতের প্রায় ছয়টি ফিডারে প্রায় দুই ঘণ্টার মত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে বিকল্প ব্যবস্থায় পর্যায়ক্রমে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। ” তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

