স্ত্রীকে সৌদিআরবে পাঠিয়ে দিশেহারা বিল্লাল মোল্যা

ষ্টাফ রিপোর্টারঃ নিজের স্ত্রীকে দালালের মাধ্যমে সৌদি আরব পাঠিয়ে এখন দিশেহারা ফরিদপুর সদর থানার তুলাগ্রাম গ্রামের মৃত: মমিন মোল্যার পুত্র বিল্লাল মোল্যা ।
কোতয়ালী থানায় বিল্লাল মোল্যার দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, পার্শবর্তী পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের ফজর আলীর পুত্র টোকন শেখের প্রলোভনে চলতি বছরের জুন মাসে ৫০ হাজার টাকার বিনিময়ে বিল্লাল তার স্ত্রীকে সৌদিআরবে বাসায় ঝি এর কজে পাঠায় ।
দালাল টোকন বিল্লালকে আশ্বাস দেয় সৌদিআরবে তার স্ত্রীকে সুন্দর পরিবেশে উচ্চ বেতনে চাকুরী দিয়ে দেবে । কিন্তু সৌদি যাবার পর থেকেই গৃহকর্তা এবং তার সন্তানেরা বিল্লালের স্ত্রীকে পাষবিক নির্যাতনের চেষ্টা চালায় । এতে বাঁধা দিলে তার উপর নেমে আসে অকথ্য নির্যাতন । এমনকি তাকে না খাইয়ে একটি অন্ধকার ঘরে ১০/১২ দিন আটকিয়ে রাখে গৃহকর্তা । ১০/১২ দিন পরে তাকে বদ্ধ ঘর থেকে বের করে ঐ দূর্বল শরীরের উপর গৃহকর্তা এবং তার সন্তানেরা পালাক্রমে পাষবিক নির্যাতন চালায় । ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে । একটু সুস্থ হয়ে স্ত্রী বিয়টি মোবাইলে ফরিদপুরে তার স্বামী বিল্লাল মোল্যাকে জানায় এবং যে কোন মূল্যে তাকে ঐ মৃত্যুপুরী থেকে উদ্ধারের আকুতি জানায় ।
অত্যাচারের বিবরণ শুনে দিশেহারা বিল্লাল দালাল টোকন শেখের নিকট ছুটে যায় এবং তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানায় । দালাল টোকন প্রথম থেকেই তার স্ত্রীকে ফিরিয়ে আনতে গড়িমসি করলেও এক পর্যায়ে তার স্ত্রীকে ফিরিয়ে এনে দেবে বলে কথা দেয় । কিন্তু নির্দৃষ্ট সময় পার হবার পরও স্ত্রীকে ফেরত না আনায় বিল্লাল দালাল টোকনকে চাপ প্রয়োগ করতে থাকে । এক পর্যায়ে দালাল টোকন বিল্লালকে সাফ জানিয়ে দেয়, সে তার স্ত্রীকে ফিরিয়ে এনে দিতে পারবেনা । এমকি এ ব্যাপারে কোন প্রকার বাড়া-বাড়ি করলে বিল্লালের লাশ ফেলে দেবে বলে হুমকি দিতে থাকে । অতঃপর দিশেহারা বিল্লাল কুল-কিনারা না পেয়ে কোতয়ালী থানায় দালাল টোকনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ।
লিখিত অভিযোগের পর কোতয়ালী পুলিশ টোকনকে থানায় ডেকে এনে যতদ্রুত সম্ভব বিল্লালের স্ত্রীকে ফেরৎ আনার ব্যবস্থা করতে বলে । টোকন তা না করে উল্টো রাতের বেলায় বিল্লালের বাড়ীতে মুখোশধারী ৪/৫ জন লোক পাঠিয়ে বিল্লালকে থানায় দায়েরকৃত অভিযোগ তুলে আনতে শাষিয়ে যায় । এ ঘটনার পর থেকে প্রাণ ভয়ে বিল্লাল নিজ বাড়ী ফেলে পালিয়ে বেড়াচ্ছে ।
অসহায় বিল্লাল নিজ স্ত্রীকে ফিরে পেতে এবং দালাল টোকনের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইন প্রয়োগকারী সংস্থার আশু এবং কার্যকরী হস্তক্ষেপ কামনা করেছেন ।