“শেখ হাসিনাতেই আস্থা” লিফলেট বিতরন’ সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২ জন উপজেলা চেয়ারম্যানের নামে মামলা


মোঃ রমজান সিকদার, ভাঙ্গা ( ফরিদপুর) সংবাদদাতা-০৫/০২/২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় “শেখ হাসিনাতেই আস্থা” শিরোনামের লিফলেট বিতরনের ঘটনায় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও সাবেক দুইজন উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের নামে সদরপুর থানায় মামলা হয়েছে। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়। বে-আইনী জনতাবদ্ধে উদ্দেশ্যে প্ররোচিত হয়ে সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে রাষ্ট্রদ্রোহী কাজ করার অপরাধে এই মামলা করেন সদরপুর থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ।
উক্ত মামলায় প্রিন্স চৌধুরীকে প্রধান আসামি করা হয়। এছাড়াও বাকি আসামিরা হলো ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী (৪৬), সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল (৪৬), সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান (৬৫) ও আওয়ামী লীগের দুই কর্মী লোকমান শেখ (৪২) হবি বেপারী (৪৮) সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের নাম রয়েছে। উল্লেখ্য গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে “শেখ হাসিনাতেই আস্থা” শিরোনামে ছবি সম্বলিত লিফলেট বিতরণকালে প্রিন্স চৌধুরী (৪২) নামে এক অওয়ামীলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। সরকার বিরোধী প্রচারনা ও সহযোগী হিসেবে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
সদরপুর থানার উপ-পরিদর্শক ও মামলার বাদী মামুনুর রশিদ বলেন, যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এজন্য অপরাধের শিরোনামে নিষিদ্ধ দল সংক্রান্ত মামলা উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রিন্স চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ মামলার এজাহারনামীয় এবং অজ্ঞাত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।