মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুস্তম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে জানানো হয় হামলার ঘটনায় ২৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬/৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক তানজিদ উল্লাহ প্রধান লিল্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা। সাংবাদিক সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানিকগঞ্জে শ্রমিকলীগের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত রবিবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুস্তম।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, মাহমুদুল হাসান রুস্তমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলার ঘটনার তদন্তপূর্বক আসামীদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

