ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা এখন মাদকে সয়লাব। দিন দিন বাড়ছে মাদক সেবী ও বিক্রেতার সংখ্যা। সংক্রামক ব্যাধীর মত তা ছড়িয়ে পড়ছে যুব সমাজে।
মাদকের ভয়াল ছোবলে বাড়ছে অশান্তি। যেন দেখার কেউ নেই।
ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল সহজলভ্য হওয়ায় তা অনাআশেই সেবন করছে অনেকেই। ফলে দিনদিন বাড়ছে সাংসারিক অশান্তি, বিবাহ বিচ্ছেদ, মারামারি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত ঘটনা। ভাঙ্গা থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তা মাদক নির্মূলের নামে ভারী করছে পকেট, এমন অভিযোগ জনসাধারণের। মাদকের বিষয়ে থানা পুলিশকে তথ্য দিলেও তা নির্মূলে অনিহা প্রকাশ করা হচ্ছে। উপজেলার কালামৃধা ইউনিয়নের প্রতিটি গ্রাম এখন মাদক সেবী ও বিক্রেতাদের অভয়অরন্য।
নাম প্রকাশ না করার শর্তে থানার একজন এসআই জানান, আমরা এখন থেকে মাদকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছি না। ফরিদপুর-৪ আসনে এখন চলছে দ্বৈত শাসন। মাদকের বিরুদ্ধে আমরা কোন প্রকার এ্যাকশনে যেতে পারছি না। আমাদের উপর রাজনৈতিক চাপ বেড়েই চলেছে। তাই এখন থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান ও নির্মূলে কাজ করবে স্থানীয় জনগন।
পুলিশ কর্মকর্তার এমন বক্তব্যের সত্যতা ও প্রশাসনের অসহায়ত্বের বিষয়টি যাচাইয়ের জন্য থানার কয়েক এসআই-কে মাদকের বিষয়ে সু-নির্দ্দিষ্ট অভিযোগ করলেও তারা মাদক বিক্রেতা ও সেবীদের গ্রেফতারে অনিহা প্রকাশ করে। ভাঙ্গা থানা পুলিশের এমন উদাসীনতায় মাদক সেবী ও বিক্রেতারা উৎসাহিত হচ্ছে।
সুধিসমাজ মাদক সেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে কার্যকরি পদক্ষেপ নিতে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

