ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে অপরাধীদের নিকট তথ্য পাচারের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য’র নাম আব্দুল খালেক। সে উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রাম এলাকায় কর্মরত রয়েছে।
অভিযোগে জানা যায়, তিনি চাকরীর পাশাপাশি দীর্ঘদিন যাবৎ ঐ এলাকার আটড়া ভাষড়া গ্রামের বটতলা তিন রাস্তার মোড়ে একটি পান সিগারেট ও কেরামবোর্ড খেলার ব্যবসা করে আসছে। তার দোকান ঘরে উঠতি বয়সের যুবকেরা গভীর রাত পর্যন্ত কেরামবোর্ডে জুয়া খেলে থাকে।
এছাড়া এই দোকানে বসেই তিনি প্রতিনিয়ত ঐ এলাকার বিকাশ প্রতারক চক্র, মাদক ব্যবসায়িদের প্রশাসনের আগমন বিষয়ে তথ্য দিয়ে থাকে। ফলে অপরাধীরা নির্ভয়ে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ঐ গ্রাম পুলিশ বর্তমানে অপরাধীদের বিশেষ সোর্স হিসেবে কাজ করছে। ফলে অপরাধীদের বিরুদ্ধে পরিচালিত প্রশাসনিক অভিযান বিফলে যাচ্ছে। তার এলাকায় দিনদিন অপরাধীর সংখ্যা বেড়েই চলেছে। অপরাধীদের দমনে প্রশাসনকে সহায়তার পরিবর্তে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়া সহ অপরাধীদের নিকট তথ্য পাচারের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এদিকে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য আব্দুল খালেক এর নিকট ঘটনার সত্যতার বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি অপরাধীদের নিকট কোন তথ্য পাচার করিনি। অভিযোগগুলি মিথ্যা এবং আমি ষড়যন্ত্রের শিকার।
সচেতন মহল বিষয়টি খতিয়ে দেখে গ্রাম পুলিশ সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।

