ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: পুকুর পুন:খননকালে উদ্ধার হওয়া ১ কেজি স্বর্নের পুতুল ও প্রায় ৪০ কেজি ওজনের কষ্টি পাথরের ১টি মুর্তি আজও জমা হয়নি সরকারি কোন দপ্তরে। একটি চক্রের যোগসাজসে বেমালুম হজম করে বসে আছে রাষ্ট্রীয় এই অমূল্য সম্পদ ২টি। সেগুলি বর্তমানে কোথায় কি অবস্থায় আছে? এবং কেনইবা তা সরকারী দপ্তরে জমা পড়েনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সুশীল সমাজ।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে মৃত: আ: গফুর মোল্লার মেঝ পুত্র মোজাহার মোল্লা (৫২) কয়েক বছর আগে নিজ পুকুর খননকালে ১ কেজি ওজনের ১টি স্বর্নের পুতুল ও ৪০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। তখন এ ঘটনায় ঐ এলাকায় হৈচৈ পড়ে যায়।
খননকাজে নিয়োজিত স্থানীয় শ্রমিক মৃত: কাইমুদ্দিন চৌকিদারের পুত্র মতি মিয়া (৫০), জাহাঙ্গীর কসাই (৫০), মৃত: জবেদ আলী’র পুত্র আবু তালেব (৪৮), মৃত: হারুনের পুত্র মৃত: নুর জালাল (৪০), মোতালেব মাতুব্বরের পুত্র কনসার (৪০) এর সাথে পুকুর মালিক মোজাহার মোল্লার সাথে ভাগাভাগি নিয়ে হাতাহাতি হয় এবং শ্রমিক কনসার রক্তাক্ত জখম হয়। বিষয়টি তখন থানা পুলিশ পর্যন্ত গড়ায়। সুচতুর মোজাহার ঘটনাটি তখন বিশেষ দফারফায় ধামাচাপা দিতে সক্ষম হয়। বেমালুম হজম করে উদ্ধার হওয়া অমূল্য সম্পদ ২টি। এখনও তা জমা পড়েনি রাষ্ট্রীয় সংশ্লিষ্ট কোন দপ্তরে। এমনটি জানিয়েছেন খননকাজের শ্রমিক ও স্থানীয়রা।
এ বিষয়ে ব্যাপক খোঁজ খবর নিয়ে জানা যায়, ১৪ আগষ্ট’২০১৫ শুক্রবার উপজেলার আজিমনগর ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া ৬৮ কেজি ওজনের কষ্টি পাথরের ১টি মুর্তি এবং কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে ১টি কষ্টি পাথরের মুর্তি সংশ্লিষ্ট দপ্তরে জমা হলেও অদৃশ্য কারনে আজও মোজাহার মোল্লার পুকুর খননের সময় পাওয়া ১ কেজি ওজনের স্বর্নের ১টি পুতুল ও ৪০ কেজি ওজনের কষ্টি পাথরের ১টি মুর্তি আজও জমা পড়েনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক ও একাধিক স্থানীয়রা জানান, মোজাহার মোল্লা রাষ্ট্রীয় অমূল্য এই সম্পদ ২টি তখন বিশেষ দফারফায় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে আত্নস্যাৎ করে। অতি গোপনে স্বর্ণ বেচাকেনা করে বহাল তবিয়তে রয়েছে মোজাহার মোল্লা। আর কষ্টি পাথরের মুর্তিটি অন্যত্র বিক্রয় অথবা লুকিয়ে রেখেছে।
এ বিষয়ে রাষ্ট্রীয় অমূল্য সম্পদ ২টি উদ্ধারপূর্বক দোষী মোজাহার মোল্লার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে ফরিদপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট (প্রত্নতত্ত্ব বিভাগ) উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু ও কার্যকরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

