ফরিদপুরে মুজিব কিল্লার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: সারাদেশে একযোগে উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুর জেলায় ৫ টি মুজিব কিল্লার ভিত্তি প্রস্তর স্থাপন ও ত্রাণ গুদাম কাম দুর্যোগ তথ্য কেন্দ্র উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনের মাধ্যমে এ উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। ফরিদপুর অংশে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

গত ২৩ মে, ২০২১ খ্রিঃ রবিবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন কার্যক্রম শুরু হয়। সারা দেশে ঘুর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্রসহ ২১৫ টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সকল স্থাপনার মধ্যে ফরিদপুর জেলার সদর উপজেলার নর্থচ্যানেল মৌজায় মুজিব কিল্লা, সদরপুর উপজেলায় খাটারিয়া চর নাছিরপুর মুজিব কিল্লা, ভাঙ্গা উপজেলায় পাতরাইল দিঘির পূর্বপাশে মুজিব কিল্লা, নাছিরাবাদ মুজিব কিল্লা এবং চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সাথে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রেরও উদ্বোধন করা হয়।

গণভবন থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ফরিদপুর অংশে জেলা প্রশাসক অতুল সরকারসহ স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারি কমিশনার (গোপনীয়) তারেক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিব কিল্লাগুলো তিনটি টাইপে নির্মিত হবে। একতলা, দুইতলা ও তিনতলা বিশিষ্ট ইমারত নির্মান হবে। এতে একাধিক কক্ষ থাকবে, যা বন্যা কবলিত ও অসহায় গৃহহীন মানুষেরা ব্যবহার করবে। এছাড়া থাকবে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা সম্বলিত নলকূপ।