ভাঙ্গায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করলে বখাটেরা পিতাকে কুপিয়ে জখম করে


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

স্কুল পড়ুয়া মেয়েকে বখাটে যুবক উত্যক্ত করা ও পেশিশক্তি খাটিয়ে বিয়ের প্রস্তাব দিলে এর প্রতিবাদ করলে বখাটেরা পিতা ছগির মাতুব্বরকে কুপিয়ে জখম করেছে। হতদরিদ্র পিতা বর্তমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বিলধোপাডাঙ্গা গ্ৰামে সোমবার (৩০ মার্চ ) রাতে। অসহায় পরিবারটি প্রভাবশালীদের ভয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে নিশ্চুপে চিকিৎসা নিচ্ছিল। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অসহায় পিতার পাশে এলাকাবাসী এগিয়ে আসে ও ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। সাথে সাথে হাসপাতালে ভর্তি পিতার খোঁজখবর নিয়ে আসামীদের ধরতে পুলিশ কাজ করছে।
জানা গেছে, নুরুল্লাগঞ্জ ইকরা মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে পাশ্ববর্তী ভাঙ্গাদিয়া গ্ৰামের হালিম ফকিরের ছেলে সাব্বির ফকির ও কয়েকজন বখাটে মিলে মেয়েটিকে স্কুলে যাবার পথে বিরক্ত করত। ঘটনার দিন সোমবার সে স্কুলে যাবার পথে তাকে বিয়ে করবে বলে জোর করে ধরে নিয়ে যেতে চায়।
বিষয়টি নিয়ে পিতা ছগির মাতুব্বর প্রতিবাদ করলে তাকে রাতের বেলায় অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাথাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।
বিষয়টি নিয়ে ঐ শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকাবাসী এঘটনার তীব্র নিন্দা সহ অপরাধীদের বিচার দাবি করেছেন।