
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা ( ফরিদপুর) সংবাদদাতা-০২/০৪/২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ফরিদপুরের ভাঙ্গায় খাল পুনঃ খনন কর্মসূচি উদ্বোধন করেন । তিনি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সাড়ে তিন বছরের শাসনামলে খাল কেটে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। দেশের খাদ্য সমস্যার সমাধান করেছিলেন।
শহীদ জিয়ার আদর্শ ধারণ করে তার সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে কৃষি বিপ্লব ঘটাতে পুনরায় খালকাটা কর্মসূচি হাতে নিয়েছেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। দেশে আবার কৃষি বিপ্লব শুরু হবে। নদী নালা খাল বিলে পানি থাকবে । ফরিদপুরের কৃষক পাট ও পিঁয়াজ চাষে ব্যাপক সফলতা পাবেন।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা দিয়েছেন, নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সে সকল অঙ্গীকার পূরণ করতে চেষ্টা করছেন। এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,” মর্নিং সোজ দি ডে। ক্ষমতা গ্রহনের মাত্র কয়েক দিনেই আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, মসজিদ মন্দিরের ইমাম পুরোহিতদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছি। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ শুরু হবে। আমরা দ্রুত গতিতে আমাদের নির্বাচনী অঙ্গীকার পূরণ করার চেষ্টা করব।
খালকাটা প্রসঙ্গে তিনি স্থানীয় প্রশাসনকে বলেন, খাল কাটা প্রকল্পে কোন অনিয়ম সহ্য করা হবে না। আপনারা কাজের শুরু ও শেষ হিসেব করে কাজ বুঝে নিবেন। এক্ষেত্রে কোন দল বিবেচনা করা হবে না। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি প্রশাসনকে শক্ত হাতে দমন করার আদেশ দেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল ) সকাল ১০টায় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা দাখিল মাদ্রাসা মাঠে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী মর্যাদা) ইসমাইল জবিউল্লাহ এসব বক্তব্য দেন।
ভাঙ্গা উপজেলার শরিফাবাদ হ্যালোন ফকিরের বাড়ি সংলগ্ন খালটি খারদিয়া হয়ে শাজাহান শেখ এর বাড়ি অতিক্রম করে কুমার নদ পর্যন্ত পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা হয়ে মক্রমপট্টি পর্যন্ত খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সী, শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

