ভাঙ্গায় ড্রামে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে হামলা, মালিক সহ আহত-৩। অনির্দিষ্ট সময়ের জন্য ২টি ফিলিং স্টেশন বন্ধ


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-০১/০৪/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় কালোবাজারিদের ড্রামে তেল না দেওয়ায় সিসিবিএল ফিলিং স্টেশনে হামলা ও মারধর করেছে কালোবাজারিরা। এঘটনায় ফিলিং স্টেশনের মালিক সালমান মুন্সি(৩৫) সহ ৩জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার সুয়াদী ফিলিং স্টেশনে হামলার এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এ ঘটনায় আজ বুধবার সকাল থেকে একই মালিকের সিসিবিএল ও ব্রাদার্স ২টি ফিলিং স্টেশন অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের চলাচলকারী যানবাহন ও সেচ প্রকল্প চাষীরা। ফিলিং স্টেশনের মালিক পক্ষ ও সংগঠনের দাবি হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।
এ বিষয়ে ফিলিং স্টেশনের মালিক বাইজিদ মুন্সি জানান, আমরা এই ক্লান্তি লগ্নে ২টি ফিলিং স্টেশন থেকে নিয়মিত ভাবে বাস, মোটরসাইকেল সহ সেচ পাম্পে তেল দিয়ে যাচ্ছি। কিছু অসাধু কালোবাজারিরা তারা বড় বড় ড্রাম নিয়ে এসে তা ভরে দিতে বলে। আমরা ড্রামে তেল না দেওয়ার গতকাল রাত ১০টার দিকে স্থানীয় আব্দুর রহিম, তামিম, রাজু, আব্দুল্লাহ ও আক্রাম সহ ৮/১০ জন লোক আমার ছোট ভাই সালমান মুন্সি সহ কর্মচারীদের উপর হামলা চালায়। এতে ৩জন আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ফরিদপুর জেলা পাম্প মালিক সমিতির সিন্ধান্ত মোতাবেক আমাদের ২টি ফিলিং স্টেশন অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে সুয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার সিসিবিএল ফিলিং স্টেশনে পরিদর্শন করি এবং সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।