ভাঙ্গায় বন্ধ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাওয়া গেল ট্যাংকে তেল। আর্থিক জরিমানা


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৩০/০৩/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংকে তেল পাওয়ায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই পাম্প মালিককে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করে আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
রোববার (২৯ মার্চ) রাতে ভাঙ্গা উপজেলার পৌর এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম। তিনি বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ফুয়েল পাম্প স্টেশন ও খোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে সুগন্ধা ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রোল সরবরাহ বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে, পেট্রোল ট্যাংক পরিদর্শনকালে বেশ কিছু পরিমাণ পেট্রোল অবশিষ্ট পাওয়া যায়। এ প্রেক্ষিতে সুগন্ধা ফিলিং স্টেশনের ম্যানেজার শাহাদত হোসেনকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। একই সাথে দ্রুত জ্বালানি বিক্রি স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়।
এসময় পাশেই অবস্থিত কণা ফিলিং স্টেশনটি অভিযান পরিচালনাকালে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে, ট্যাংক পরিদর্শনকালে মালিক পক্ষের দাবির সত্যতা পাওয়া যায় এবং ট্যাংক গুলো তেল শুন্যে ড্রাই পাওয়া যায়।
উক্ত মোবাইল কোর্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
যতদিন জ্বালানি তেলের বাজার স্বাভাবিক না হবে ততদিন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।